নারায়ণগঞ্জে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট : ০৯ মার্চ ২০২০, ০০:৩১

শহরের দেওভোগ এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় নগরীর পাইকারি তৈরি পোশাক মার্কেটের দ্বিতীয় তলার একটি পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, পরিত্যক্ত এই ঘরে এলাকার মাদকাসক্ত যুবকেরা নিয়মিত আসা-যাওয়া করত। ধারণা করা হচ্ছে, ১০-১২ দিন আগে ঐ যুবককে কেউ হত্যা করে লাশ বস্তায় ভরে ফেলে রেখে যায়। গতকাল বিকেলে ঐ ঘর থেকে পচা দুর্গন্ধ ছড়ালে মার্কেটের ব্যবসায়ীরা থানার পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, সেটা উদ্ঘাটন করতে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।