আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান প্রচারে এগিয়ে রয়েছেন। এ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন জমিয়তে উলামায়ে ইসলাম দলের মুফতি মোঃ মনির হোসেন। এখানে জমিয়তে উলামায়ের প্রার্থী দেওয়ায় বিএনপি দলীয় নেতা-কর্মীর মাঝে হতাশা বিরাজ করছে। ক্ষোভে অনেকে কোনো প্রকার নির্বাচনী প্রচার কাজ করছেন না।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আসনে আওয়ামী লীগ থেকে বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে মনোনয়ন দেওয়া হয়। শেষ মুহূর্তে ২০ দলীয় জোট থেকে মুফতি মোঃ মনির হোসেনকে এ আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। এতে বিএনপির নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ হয়ে ভোটের মাঠে না নামায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একাই মাঠে রয়েছেন। এ সুযোগকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত সভা-সমাবেশ, মতনিনিময় আর উঠান বৈঠক করে মাঠ গরম রাখছেন নৌকা প্রতীকের কর্মীরা। ভোটারদের মন জয়ের জন্য নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছেন নৌকার নেতাকর্মীরা। নৌকার পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে এলাকা। নৌকার পক্ষে কোমর বেঁধে ভোটযুদ্ধে নেমেছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে ভোটের মাত্র কয়েকদিন বাকি থাকলেও ২০ দলীয় জোট মনোনীত জমিয়তে উলামায়ের প্রার্থী মুফতি মোঃ মনির হোসেনকে ভোটের মাঠে দেখা যায়নি বলে এলাকাবাসী বলছেন। গতকাল মঙ্গলবার পর্যন্ত সিদ্ধিরগঞ্জের কোথাও ধানের শীষের পক্ষে তাকে কোনো প্রকার মিছিল কিংবা প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি। দেখা যায়নি তার কোনো পোস্টার, ব্যানার কিংবা লিফলেটও।
