মাছ ও সবজির স্বাদে

আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৯:৩৮

দেশীয় কয়েক পদের মাছ ও সবজির রান্না নিয়ে এবারের আয়োজনে চার পদের রেসিপি দিয়েছেন

আঞ্জুমান আরা রোজী

বেগুন দিয়ে পাবদার ঝাল

 

উপকরণ

পাবদা মাছ ৮টি, বেগুন ২টি, রসুন বাটা ১ চামচ, পেঁয়াজ বাটা ২ চামচ, জিরা বাটা ১ চামচ, মরিচের গুঁড়া ৪ চা চামচ, হলুদ ১ চা চামচ, লেবুর রস ২ চা চামচ, তেল ১/৪ কাপ, লবণ স্বাদমতো।

 

প্রণালি

মাছ ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে নিন। কড়াইতে তেল ভালো করে গরম করে খুব সাবধানে ভেজে নিন। কড়া করে ভাজবেন না। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, জিরে বাটা, মরিচের গুঁড়া ও হলুদ দিয়ে ভালো করে কষে নিয়ে পানি দিয়ে দেবেন। ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে দিন। আরও কিছুক্ষণ পর বেগুন দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলুন। উপর থেকে লেবুর রস ছড়িয়ে ভাতের সাথে পরিবেশন করুন।

 

 

গ্রিলড শ্রিম্প

 

উপকরণ

চিংড়ি ১ কেজি, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, অলিভ অয়েল ১ টেবিল চামচ, শাসলিক কাঠি ৫-৬টি।

 

প্রণালি

চিংড়ির সাথে সকল উপকরণ এক সাথে মাখিয়ে শাসলিক কাঠিতে গেঁথে ওভেনে ১৬০ ডিগ্রিতে ১০ মিনিট বেক করুন। যে কোনো সাইড ডিশের সাথে পরিবেশন করুন।

পাঁচমিশালি

ডুমো সবজি

 

উপকরণ

মিষ্টি আলু কিউব ১ কাপ, মিষ্টি কুমড়া কিউব ১ কাপ, বেগুন কিউব ১ কাপ, লাউ কিউব ১ কাপ,  পটল কিউব ১ কাপ, পাঁচফোঁড়ন ১ চা চামচ, শুকনা মরিচ ২টা, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, তেজপাতা ১টা, দারুচিনি ২টা, তেল ১/৪ কাপ, লবণ স্বাদমতো।

 

প্রণালি

প্যানে তেল গরম করে তেজপাতা, দারুচিনি ও আদা বাটা দিয়ে সবজিগুলো দিয়ে দিন। ভালোভাবে নেড়ে সব গুঁড়া মসলা দিয়ে নাড়ুন। সামান্য পানি দিয়ে ঢেকে দিন। সবজি সিদ্ধ হলে পোলাওয়ের সাথে পরিবেশন করুন।

 

ভেটকি পেঁপের ঝোল

 

উপকরণ

৮ টুকরো ভেটকিমাছ, পেঁয়াজ বাটা ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, কাঁচা পেঁপে মাঝারি আকারের ১টা ফালি করে কাটা, তেল ১/৪ কাপ, লবণ স্বাদমতো।

 

প্রণালি

মাছের টুকরোগুলো সামান্য হলুদ, লবণ আর মরিচ গুঁড়া দিয়ে আধঘণ্টা মেখে রেখে কম তেলে ভেজে সরিয়ে রাখতে হবে। একই তেলে পেঁয়াজ বাটা আর সামান্য পানি দিয়ে হলুদ ও মরিচ গুঁড়ার সঙ্গে লবণ দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। এরমধ্যে পেঁপের টুকরো দিয়ে কম আঁচে দশ মিনিট ঢেকে রান্না করতে হবে। পেঁপে প্রায়সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে সামান্য ঝোল রেখে নামিয়ে ফেলুন। গরম ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু রুই মাছ দিয়ে পেঁপের ঝোল।