মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে গেছেন। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন ‘ধর্ম যার যার, উত্সব সবার’। কাজেই বড়দিনের আনুষ্ঠানিকতাই আমাদের মূল দায়িত্ব নয়। খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারেন এবং তারা যেন নিজেদের কখনো সংখ্যালঘু মনে না করেন সে ব্যাপারেও দৃষ্টি রাখতে হবে। তিনি মঙ্গলবার সকালে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহত্ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে উপজেলার কয়েকটি খ্রিস্টান ধর্মপল্লীর লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তুমলিয়া খ্রিস্টান ধর্মপল্লী আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ভূমিকায় দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। মাথাপিছু আয় বেড়েছে। কর্মসংস্থান দিন দিন বেড়েই চলেছে।
মানিকগঞ্জে বড় দিন উদযাপন
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী যিশুর পবিত্র হূদয়ের গির্জায় মঙ্গলবার সকালে বড় দিন উদযাপন উপলক্ষে বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ৭২টি পরিবারের প্রায় তিন শতাধিক নারী-পুরুষ এ অনুষ্ঠানে অংশ নেন। এ উপলক্ষে গীর্জায় খ্রিষ্টান ধর্মের নানা বিষয় নিয়ে আলোচনা করেন ফাদার টমাস কোরাঈয়া। আরো উপস্থিত ছিলেন রিজেন্ট সনি রোজারিও, সিস্টার মেরি ছবি ও মেরিওতোসি।
