সাভারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদা দাবি গণধোলাই খেয়ে হাসপাতালে প্রতারক

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ০০:২৪

সাভারে একটি খাবার তৈরির কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় মনির হোসেন (৩৮) নামে এক প্রতারককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পুলিশ গুরুতর অবস্থায় ওই ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করে হাসপাতালে ভর্তি করেছে। সোমবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে প্রতারকের ব্যবহূত একটি প্রাইভেটকার ও পৃথক দুটি পরিচয়পত্র জব্দ করা হয়েছে। আটক ভুয়া ম্যাজিস্ট্রেট মনির রাজধানীর মিরপুর এলাকার বিল্লাল শেখের ছেলে। সে দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে দলবল নিয়ে চাঁদাবাজি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

সন্দেশ ব্যবসায়ী মোঃ আপন মিয়া জানান, আটক মনির হোসেন নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কিছুদিন আগে আমার কারখানায় এসে এক লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় আমাকে জেল ও মোটা অংকের টাকা জরিমানার ভয় ভীতি দেখায়। আমি বাধ্য হয়ে চল্লিশ হাজার টাকা তাকে দেই। সোমবার সন্ধ্যায় আবারও ওই চক্রটি আমার পার্শ্ববর্তী অপর এক ব্যবসায়ী আফজাল হোসেনের কারখানায় গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় বিষয়টি সন্দেহ হলে আমরা তাদের আটকের চেষ্টা করি। বিষয়টি বুঝতে পেরে চাঁদাবাজরা দ্রুত গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এ সময় থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় তাদের ব্যারিকেড দেয়া হয়। এ সময় তার সাথে থাকা ৪ সহযোগী পালিয়ে গেলেও ভুয়া ম্যাজিস্ট্রেট মনির হোসেনকে আটক করে গণধোলাই দেয় জনতা।  সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ এখলাস উদ্দিন শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়া ম্যাজিস্ট্রেটকে উত্তেজিত জনতা গণধোলাই দিয়েছে।