‘বিজয়ের মাসে দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণের জয় হবে’

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ০০:২৪

গাজীপুর-১ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক ও ধর্মমন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, বিজয়ের মাসে  দুর্নীতিবাজ  ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণের জয় হবে। ডিসেম্বর মাসের ৩০ তারিখের নির্বাচনে বাঙালি জাতি অন্যায় ও  অপশক্তির বিরুদ্ধে ভোট প্রদান করে আবারও নৌকা প্রতিকের বিজয় অর্জন করবে। তিনি সোমবার বিকালে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আফজাল হোসেন সরকার রিপনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা অ্যাড. আমজাদ হোসেন বাবুল, হাজী আব্দুল বারেক সরকার, সিরাজুল ইসলাম চৌধুরী, হালিম সরকার, হাজী রফিকুল ইসলাম, মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ।

পেশাজীবী সমন্বয় পরিষদের মতবিনিময়: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক নৌকাকে বিজয়ী করার জন্য আহবান জানিয়েছেন পেশাজীবী সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ। গাজীপুর পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে দুপুরে টঙ্গি প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই আহবান জানানো হয়। গাজীপুর জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের আহবায়ক আবদুল মালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গাজীপুর-২ আসনের মহাজোট মনোনীত প্রার্থী জাহিদ আহসান রাসেল এমপি, পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ আতাউর রহমান, টঙ্গি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া , গাজীপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মো.নূরুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী নাজিম উদ্দিন মিয়া, টঙ্গী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কলিমুল্লাহ ইকবাল, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, প্রবীণ সাংবাদিক মহিউদ্দিন আহমদ, এম.এ সালাম শান্ত প্রমুখ বক্তব্য রাখেন।