দু্ই বছর পর চালু হিলি রেলস্টেশন

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২১:৪৩

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি রেল স্টেশনের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন রেলওয়ের পশ্চিম অঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) মিহির কান্তি। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জি এম মিহির কান্তি বলেন, বর্তমান সরকার রেলবান্ধব সরকার। হিলি স্থলবন্দরের গুরুত্বের কথা বিবেচনা করে দীর্ঘদিন পর হলেও স্টেশনের কার্যক্রম চালু করা হলো। এতে করে বন্দর এলাকার মানুষের যাতায়াতে সুবিধা হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে ৮ জানুয়ারি স্টেশন মাস্টার ও প্রয়োজনীয় জনবল সংকট থাকায় স্টেশনটির কার্যক্রম বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। এর ফলে ঢাকা, খুলনা, রাজশাহী, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড় রুটে আপ-ডাউনে ১০/১১টি ট্রেন চলাচল করলেও এই স্টেশনে রাজশাহী, নীলফামারী ও খুলনা রুটের তিনটি ট্রেন শুধু থামত। এ কারণে শিশু, নারীসহ অন্য যাত্রীদের ট্রেনে ওঠা-নামা করতে ভোগান্তিতে পড়তে হতো।