রাকসু নির্বাচনের তপশিল ঘোষণার দাবি ছাত্র সংগঠনগুলোর

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২১:৪৫

রাবি উপাচার্যের বক্তব্যের নিন্দা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন (রাকসু) নির্বাচন সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য এম আব্দুস সোবহানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। রবিবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানায়। ছাত্র সংগঠনগুলো হলো প্রগতিশীল ছাত্রজোট, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বিজ্ঞপ্তিতে তারা অবিলম্বে রাকসু নির্বাচনের তপশিল ঘোষণারও দাবি জানান।

উল্লেখ্য, গত ৭ মার্চ শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) রাজশাহী ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের (রুফা) পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য এম আব্দুস সোবহান বলেন, আমি রাকসু নির্বাচন দিতে চাই, কিন্তু একটি ছাত্র সংগঠনও রাকসু নির্বাচনের জন্য রাজি নয়।