সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২১:৪৫

পাঁচ দফা দাবি সরকারি মাধ্যমিক শিক্ষকদের

সুনামগঞ্জ প্রতিনিধি বকেয়া টাইমস্কেল, সিলেকশন গ্রেড প্রদান ও স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন করাসহ মাধ্যমিকের সমস্যা সমাধানের পাঁচ দফা দাবিতে সোমবার মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এর আয়োজন করে। সুনামগঞ্জ পৌর শহরের আলফাতউদ্দিন স্কয়ারে বাসমাশিসের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান রুহুল কুদ্দুছ ভূঞা। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, দামপাড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।

উপজেলা স্কাউট সমাবেশ উদ্বোধন

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে সোমবার চার দিনব্যাপী চতুর্থ উপজেলা স্কাউট সমাবেশ উদ্বোধন করা হয়েছে। উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে স্কাউট সমাবেশের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস্ উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস, গণহত্যা ও স্বাধীনতা দিবস উদ্যাপনে সোমবার কালীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান, মুক্তিযোদ্ধা মহসিন টুলু, ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

শাকতলী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোটের শাকতলী উচ্চ বিদ্যালয়ে সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, আদ্রা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান প্রমুখ।

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা পুঠিয়ায় সোমবার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন হয়েছে। রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। এ উপলক্ষ্যে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।

মরা চন্দনা নদী পুনঃ খনন কাজের উদ্বোধন

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বালিয়াকান্দি সদর ইউনিয়নের চর আড়কান্দি বদ্ধ জলমাহল পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা মত্স্য অধিদপ্তরের আয়োজনে ‘জলাশয় সংস্কারের মাধ্যমে মত্স্য উত্পাদন বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় ২০১৯-২০ অর্থবছরে মরা চন্দনা নদী (অংশ-১) ও (অংশ-২) পাইককান্দি চর আড়কান্দি এই বদ্ধ জলমাহল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা মত্স্য কর্মকর্তা জয়দেব পাল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মো. নায়েব আলী শেখ, উপজেলা মত্স্য কর্মকর্তা (অ.দা.)  মোস্তারিনা আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক সভা

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা সংক্রামক ব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে সোমবার ফুলবাড়ীতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইসার প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুস সালাম চৌধুরী।

মুজিববর্ষ উপলক্ষ্যে মতবিনিময় সভা

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে সোমবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মিলনায়তনে মেয়র অধ্যাপক কে এম জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম।

মাসিক আইনশৃঙ্খলা সভা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে সোমবার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী সভাপতিত্ব করেন। সহকারী কমিশনার তাহমিনা আক্তারের সঞ্চালনায় সভায় কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফজলে ইয়াজ প্রমুখ বক্তব্য রাখেন।

সহচরী বিদ্যামন্দিরের এসএসসি ৬৭ ব্যাচের পুনর্মিলনী

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের ১৯৬৭ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, ৬৭ ব্যাচের প্রয়াত শিক্ষার্থীদের স্মরণ, শিক্ষকদের সম্মাননা, ১৯৬৭ স্মারক বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাল্যবিবাহ নিরোধ কমিটির অগ্রগতি বিষয়ক কর্মশালা

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুরে সোমবার বাল্যবিবাহ নিরোধ কমিটির দায়িত্ব, কর্তব্য ও কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের।

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সেমিনার

চৌগাছা (যশোর) সংবাদদাতা চৌগাছায় সোমবার জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সহায়তাকারীদের নিয়ে সোমবার দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম। সেমিনারে আলোচনা করেন জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন প্রকল্পে-২-এর কনসালটেন্ট মিজ মারি নাগাসিমা অনো, নাকা কিও প্রমুখ।

 

 

০