বাংলাদেশের সীমান্তবর্তী অনগ্রসর অঞ্চল লালমনিরহাট জেলার বুড়িমারী, আঙ্গরপোতা, দহগ্রামে যাতায়াতের জন্য ২০১১ সালের ১৯ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী ‘তিন বিঘা করিডোর এক্সপ্রেস’ নামে একটি আন্তঃনগর ট্রেন চালুর কথা বলেছিলেন। এ আন্তঃনগর ট্রেনটি বুড়িমারী স্থলবন্দর থেকে ঢাকা রুটে চলাচলের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। বুড়িমারী, আঙ্গরপোতা, দহগ্রাম, পাটগ্রাম বাসিন্দাদের স্বপ্নের ট্রেন। দহগ্রাম থেকে যাত্রীবাহী কোনো বাস চলাচল করে না। দহগ্রাম, আঙ্গরপোতার লোকজনকে প্রায় ২০ কিলোমিটার পথ অটো অথবা ভ্যানে করে পাটগ্রাম আসতে হয়। এছাড়া পাটগ্রাম থেকে ঢাকা আসতে হলে বাসই একমাত্র ভরসা। কিন্তু দিনের বেলা বুড়িমারী-ঢাকা বা ঢাকা-বুড়িমারী রুটে বাস চলাচল করে না। জেলা শহর লালমনিরহাট থেকে লালমনিরহাট এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন প্রতিদিন সকাল ৯টা ৫০ মিনিটে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। দহগ্রাম থেকে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি ধরা অসম্ভব। তিন বিঘা করিডোর এক্সপ্রেস ট্রেন চালু হলে খুব তাড়াতাড়ি এবং স্বল্প খরচে দহগ্রাম, আঙ্গরপোতা, বুড়িমারী, পাটগ্রামের লোকজন যাতায়াত করতে পারবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নুরুজ্জামান মাহমুদ বায়জিদ
শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়
০
