আবারও ইনজুরিতে ইমরুল

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২১:৫১

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু বিপিএলে দারুণ ব্যাটিং করেও পাকিস্তান সফরে যেতে পারেননি, নির্বাচকদের বিবেচনায় থাকলেও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পাকিস্তানে তিন ম্যাচের টি-২০ সিরিজে খেলা হয়নি ইমরুল কায়েসের। সেই ইনজুরি কাটিয়ে গত কিছুদিন প্রস্তুতি নিচ্ছিলেন বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্য। মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুলদের সঙ্গে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নাম লিখেয়েছেন তিনি।

ফিটনেস ফিরেছে, নেটে ব্যাটিংয়েও ছন্দ ফিরে পেয়েছেন। কিন্তু দুর্ভাগ্য ইমরুলের। আবারও ইনজুরির থাবা। এবার বাঁ পা মচকে গেছে বাঁ-হাতি এই ব্যাটসম্যানের। এক্সরে করে দেখা গেছে, চিড় ধরেছে হাড়ে। অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

তাই প্রিমিয়ার লিগের শুরুতে তাই ইমরুলকে পাবে না নুরুল হাসান সোহানের শেখ জামাল। ক্লাবটির জন্য এটি বড়ো ধাক্কাই বটে। কারণ, ওপেনিংয়ে অভিজ্ঞ ইমরুলকে বড়ো ভরসা ধরেছিল ক্লাবটি। গতকাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে ফিল্ডিং অনুশীলনের সময় পায়ে ব্যথা পান ইমরুল। জানতে চাইলে গতকাল বাঁ-হাতি এই ওপেনার জানিয়েছেন, ‘সকালে ফিল্ডিং প্র্যাকটিস করছিলাম। তখন ব্যথা পেয়েছি। পা মচকে গেছে। পরে এক্সরে করে দেখলাম ফ্র্যাকচার হয়েছে। বাঁ পায়ের কনিষ্ঠ আঙুলের নিচে।’

চিকিত্সক তিন সপ্তাহের বিশ্রাম দিয়েছেন আপাতত। ইমরুল বলেন, ‘এখন তো বিশ্রামে থাকতে বলেছে। অন্তত তিন সপ্তাহ বিশ্রাম।’ একের পর এক ইনজুরিকে দুর্ভাগ্য বলেই মানছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। আক্ষেপ ঝরল প্রিমিয়ার লিগের শুরু থেকে খেলতে পারছেন না বলে। গতকাল ইমরুল বলেছেন, ‘ভালো প্রস্তুতি ছিল। কিন্তু দুর্ভাগ্য পায়ে ব্যথা পেলাম। সবই কপাল।’

উল্লেখ্য, আগামী ১৫ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম তিন রাউন্ডের খেলা হবে চট্টগ্রাম ও কক্সবাজারে। ইতিমধ্যে দলগুলোও অনুশীলন শুরু করেছে। ২-১ দিনের মধ্যেই দলগুলো ঢাকা ছেড়ে যাবে। তিন রাউন্ড পর প্রিমিয়ার লিগ ফিরবে ঢাকায়।