এএফসি কাপের ম্যাচ কাল ঢাকায়

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২১:৫৪

করোনা নিয়ে ফিফা ও এএফসির দুই রকম অবস্থান

স্পোর্টস রিপোর্টার

ফিফা বলছে করোনা ভাইরাসের কারণে মার্চ ও জুনের ফুটবল ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। তারা আতঙ্কিত কোনো ফুটবলার না ভাইরাসে আক্রান্ত হন। আবার অন্যদিকে দেখা যাচ্ছে এএফসি কাপের খেলা ঠিকই হচ্ছে । এএফসি কাপের কোনো স্থগিত করা হয়নি। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন, ‘এএফসি কাপের খেলা স্থগিত করার কোনো নির্দেশনা পাওয়া যায়নি।’ নির্দেশনা অনুযায়ী জাতীয় দলের খেলা স্থগিত করা হয়েছে। এএফসির খেলাগুলো চলবে, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এএফসি কাপের খেলা হচ্ছে। সোহাগ বললেন, ‘মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব ঢাকায় এসেছে। আগামীকাল বিকাল সাড়ে তিনটায় বসুন্ধরার বিপক্ষে খেলা ।’

ফিফার দুই রকম অবস্থান নিয়ে বাফুফের সাধারণ সম্পাদকও কোনো জবাব দিতে পারলেন না। তিনিও ধাঁধায় পড়েছেন। সোহাগ বললেন,‘আমিও বুঝলাম না। জাতীয় দলের খেলা স্থগিত অথচ ক্লাবের খেলা হবে। আসলে ১১ মার্চের খেলাটা হাতের কাছেই চলে এসেছে হয়তো সে কারণে এটা হয়ে যাচ্ছে।’

মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব গতকাল দুপুরে ঢাকায় এসেছে। কিন্তু খোলাখুলিভাবে কারো সঙ্গে কথা বলতে রাজি না। হালকা কথাবার্তায় যতটুকু জানা গেছে তারা বসুন্ধরার বিপক্ষে ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। মালদ্বীপের স্ট্রাইকার আলী আশফাক ঢাকার ফুটবলে বেশ পরিচিত। মালদ্বীপের জার্সি গায়ে কিংবা মালদ্বীপের ক্লাব জার্সি গায়ে বাংলাদেশের ফুটবলাদের বিপক্ষে অনেকবার খেলেছেন। দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এই ফুটবলারকে আবার ঢাকার মাঠে দেখা যাবে। গত মৌসুমে নিউ রেডিয়েন্ট ক্লাবের জার্সি গায়ে খেলেছেন আলী আশফাক। এবার টিসি স্পোর্টসে যোগ দিয়েছেন শেষ দিকে।