সংবাদ সম্মেলনে প্রতিকার দাবি
ইত্তেফাক রিপোর্ট
গোপালগঞ্জের আলোচিত জাকিয়া হত্যা মামলার আসামি মোর্শেদায়ান নিশানের ফাঁসি দাবি করেছেন নিহতের ভাই আছিম উদ্দিন মল্লিক। গতকাল ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে বলা হয়, আসামি এখন তাকে হত্যার হুমকি দিচ্ছে। নিরাপত্তা চেয়ে থানায় জিডি করে তিনি পালিয়ে বেড়াচ্ছেন।
লিখিত বক্তব্যে আছিম উদ্দিন বলেন, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি গোপালগঞ্জের বেদগ্রাম সিলনা রোডের বাসায় তার বোন জাকিয়াকে হত্যা করে তার স্বামী মোর্শেদায়ান নিশান। এ ঘটনায় নিহতের বাবা জালালউদ্দিন মল্লিক বাদী হয়ে জাকিয়ার স্বামী মোর্শেদায়ান নিশানকে প্রধান এবং এহসান সুশানকে দুই নম্বর আসামি করে চার জনের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় মামলা করেন। যৌতুকের দাবিতে আসামিরা এ হত্যাকাণ্ড সংঘটিত করে বলে মামলার তদন্তে উঠে আসে। ঘটনার পর থেকে আসামিরা কারাগারে ছিলেন। ইতিপূর্বে জামিন চেয়ে একাধিকবার ব্যর্থ হন নিশান। সর্বশেষ আশ্রয় নেন জালিয়াতির।
তিনি আরো বলেন, মামলার শুনানির দিন ধার্য ছিল গত ২৬ জানুয়ারি। কিন্তু জাল মেডিক্যাল সনদ দিয়ে গত ১৯ জানুয়ারি গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে জামিন পায় নিশান। এরপরই সে আরো বেপরোয়া হয়ে ওঠে। গত ২৩ জানুয়ারি নিশান ও তার লোকজন আমার বাবাকে মামলা তুলে নিতে হুমকি দেয়। এক মাস পর গত ২২ ফেব্রুয়ারি আবারও একইভাবে প্রকাশ্যে হুমকি দেয় নিশান। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় জিডি করা হয়েছে। বর্তমানে পরিবার নিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। মোর্শেদায়ান নিশানের জামিন বাতিল করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
