একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগকালে ঢাকা-৩ আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। তবে আওয়ামী লীগ ও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।
বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার অদূরে কেরানীগঞ্জের চুনকুটিয়ার চৌরাস্তায় নির্বাচনী গণসংযোগকালে গয়েশ্বর চন্দ্রের ওপর হামলা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সন্ধ্যায় ধানের শীষের প্রচারণায় গয়েশ্বর চন্দ্র রায় বের হলে তার ওপর লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে প্রার্থী গয়েশ্বর চন্দ্রসহ তার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক আহত হয়েছেন। পরে আহতাবস্থায় তাকে রাজধানীর বিজয়নগরে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুল ইসলাম সুমন বলছেন, বিএনপি নেতাকর্মীদের হামলায় আওয়ামী লীগের ছয়জন আহত হয়েছেন।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান গতকাল রাতে ইত্তেফাককে বলেন, সন্ধ্যায় চুনকুটিয়ায় দুই দিক থেকে আওয়ামী লীগ ও বিএনপি মিছিল নিয়ে আসার এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। দুই পক্ষের অন্তত ১০-১২ জন কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। তবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
