মুজিববর্ষের আয়োজনকে ভণ্ডুল করতেই একাত্তরের পরাজিত শক্তি ফের মাঠে

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২২:১৬

সচেতন নাগরিক কমিটির

মানববন্ধনে বক্তারা

বিশেষ প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষ্যে গণতান্ত্রিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের ঢাকা আগমনকে স্বাগত জানাতে এবং এর বিরোধী শক্তিকে ধিক্কার জানাতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মুজিববর্ষের আয়োজনকে ভণ্ডুল করতেই একাত্তরের পরাজিত শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি আবার মাঠে নেমেছে। ওরা বাংলাদেশ-ভারত মৈত্রীর শক্তিতে ফাটল ধরাতে চায়।

বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন, সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ ফজলে আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নেতা এম এ রাজ্জাক, মুক্তিযুদ্ধের ঢাকা মহানগর ইউনিট কমান্ডার আমীর হোসেন মোল্লা, সাংবাদিক বাসুদেব ধর, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের আহম্মেদ বাবু, আশরাফ আহম্মেদ লিয়ন, মতিলাল রায়, সাংস্কৃতিক জোটের নেতা অরুন সরকার রানা প্রমুখ।