অপহূত শিশু সাভারে উদ্ধার তরুণী গ্রেফতার

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২২:১৭

ইত্তেফাক রিপোর্ট

শ্যামলী থেকে অপহূত তিন বছরের এক শিশুকে সাভার থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (পশ্চিম বিভাগ) পুলিশ। এ ঘটনায় সুবর্না আক্তার নামে এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে।

ডিবির পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে সুবর্নাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গত ৬ মার্চ মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকা থেকে শিশু জান্নাতকে অপহরণ করে। জান্নাতের নানির মোবাইল ফোনে কল করে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ বিষয়ে জান্নাতের মা মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলাটি থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ তদন্ত শুরু করে। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারে অভিযান চালিয়ে শিশু জান্নাতকে উদ্ধার করা হয়। এ সময় সুবর্নাকে গ্রেফতার করা হয়।