সিঙ্গাইরে যৌন হয়রানির অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২২:১৭

সিঙ্গাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার শান্তিপুর পুলিশ তদন্ত কন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. তৌহিদুজ্জামানকে ক্লোজ করা হয়েছে। গত রবিবার রাতে তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয় বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। তৌহিদুজ্জামানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে সুষ্ঠু বিচারের দাবিতে মানিকগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ  দিয়েছেন ঐ এলাকার এক নারী।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তৌহিদুজ্জামান প্রায় সময়ই মোবাইল ফোনের মাধ্যমে আজেবাজে কথা বলে তাকে উত্ত্যক্ত করেন। মাঝে মধ্যেই তার অফিসে যেতে বলেন, এতে সাড়া না দেওয়ায় একদিন সন্ধ্যায় ধমক দিয়ে তার অফিসে নিতে বাধ্য করেন। একপর্যায়ে জোর করে ধর্ষণ করার চেষ্টা চালায়। তিনি আরো বলেন, পুলিশ সুপারের কাছে লিখিত আভিযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে ঐ কর্মকর্তা তার বাড়িতে এসে পেন্ডিং মামলার ভয় দেখিয়ে তার কাছ থেকে সাদা কাগজে দস্তখত নেয়। এসব তদন্তের ভিত্তিতেই সত্যতা পেয়ে বিভাগীয় সিদ্ধান্তে তাকে ক্লোজ করা হয়েছে বলে জানা গেছে। তবে সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ আব্দুস সাত্তার মিয়া বলেন, কি কারণে ক্লোজড হয়েছে জানি না, তবে আমাদের কাছে যে কাগজ এসেছে প্রশাসনিক কারণে তাকে ক্লোজড করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।   

এ বিষয়ে জানার জন্য ফোন করলে তৌহিদুজ্জামান রিসিভ না করার ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।