বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২২:১৭

ইত্তেফাক রিপোর্ট

যাত্রাবাড়ীর মৃধাবাড়ীতে বাসের ধাক্কায় আল মাহমুদ ইমন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক বেলা দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন। নিহত আল মাহমুদ ইমন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার আব্দুর রব সরকারের ছেলে এবং পরিবারের সঙ্গে ডেমরা কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় থাকতেন।

এক পথচারী জানান, মৃধাবাড়ী এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি বাসকে ওভারটেক করেন তিনি। তার পেছনে আরেকটি বাস ছিল। বাসটি ওভারটেক করে চলন্ত বাসের সামনে পিছলে পড়ে যায় ইমন। তখন ঐ বাসের নিচেই চাপা পড়েন তিনি। তবে পেছনে বসে থাকা অপরজনের কিছু হয়নি।

নিহতের ভাই মো. মোহন জানান, নতুন একটি কোম্পানিতে সবেমাত্র চাকরি নিয়েছিলেন ইমন। সোমবার নিজের মোটরসাইকেল নিয়ে মৃধাবাড়ী এলাকায় যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হয়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঘটনার পরে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।