ক্রিকেটের খুদে সংস্করণেও বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি জিম্বাবুয়ে। টেস্ট, ওয়ানডেতে সিরিজ জয়ের পর প্রথম টি-২০ ম্যাচে আফ্রিকার দলটিকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। গতকাল মিরপুর স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ৪৮ রানে পরাজিত করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
করোনা ভাইরাসের সতর্কতায় ভিড় কমাতে টিকিট কম বিক্রি করেছিল বিসিবি। তারপরও মিরপুরের গ্যালারিতে ছিলেন কয়েক হাজার দর্শক। তাদের উপস্থিতিতে গতকাল লিটন দাস, সৌম্য সরকারের জোড়া হাফ সেঞ্চুরিতে টসে হেরে ব্যাট করা বাংলাদেশ তিন উইকেটে ২০০ রান তুলেছিল। জবাবে ১৯ ওভারে ১৫২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ে। মুস্তাফিজ-শফিউলের তোপে ৩৭ রানে তিন উইকেট হারায় দলটি। বিপ্লবের লেগ স্পিনে থামেন ঝড় তোলার চেষ্টা করা কামুনহুকামউই। তিনি ২৮ রান করেন। পরে শন উইলিয়ামস ২০, মুতুম্বামি ২০, তিরিপানো ২০, মুম্বা ২৫ রান করে পরাজয়ের ব্যবধান কমান। বাংলাদেশের বিপ্লব, মুস্তাফিজ তিনটি করে, শফিউল, সাইফউদ্দিন, আফিফ একটি করে উইকেট পান।
এর আগে ওয়ানডের মতো টি-২০তেও বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেয় তামিম-লিটনের ওপেনিং জুটি। টি-২০তে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড গড়েন তারা। ইনিংসের ১১তম ওভারে তামিম আউট হলে বিচ্ছিন্ন হয় ৯২ রানের জুটি। এর আগে ওপেনিংয়ে সর্বোচ্চ ৭৪ রানের জুটিটিও ছিল তাদের দুই জনের, ২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে। তামিম ৩৩ বলে ৪১ রান করে ফেরেন। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করা লিটন ৩১ বলে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন। সিকান্দার রাজার বলে এলবির ফাঁদে পড়ার আগে ৩৯ বলে ৫৯ রান (৫ চার, ৩ ছয়) করেন তিনি। মুশফিক (১৭) উইকেটে থিতু হতে না পারলেও চতুর্থ উইকেটে অধিনায়ক মাহমুদউল্লাহ ও সৌম্য ৫৪ রানের জুটি গড়েন। ৩০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সৌম্য। ৩২ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় ৬২ রান করে অপরাজিত ছিলেন এই বাঁহাতি। মাহমুদউল্লাহ অপরাজিত ১৪ রান করেন। জিম্বাবুয়ের মাধেভেরে, এমপোফু, সিকান্দার রাজা একটি করে উইকেট নেন।
