রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য দলমত নির্বিশেষে সকল ধর্মের ও বর্ণের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। বড়দিন উপলক্ষে বঙ্গভবনে খ্রিষ্টান সমপ্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, একাদশ জাতীয় সংসদের নির্বাচনের আর মাত্র চার দিন বাকি রয়েছে। আমি আশা করছি যে, দলমত নির্বিশেষে আপনারা সবাই নির্বাচনের দিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
রাষ্ট্রপতি আগামী দিনগুলোতে সুখী, সমৃদ্ধ ও আনন্দময় জীবন কামনা করে বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সমপ্রদায়ের লোকজনের প্রতি শুভেচ্ছা জানান। যিশু খ্রিষ্টকে মুক্তির দূত ও আলোক বর্তিকা অভিহিত করে রাষ্ট্রপতি বলেন, যিশু খ্রিষ্ট বিশ্বে শান্তির বাণী প্রচার করেছেন এবং তার দর্শন ছিল ভালোবাসা, সেবা, ক্ষমা ও সমবেদনা ভিত্তিক একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা।
রাষ্ট্রপতি হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী, সমৃদ্ধ ও অসামপ্রদায়িক স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিণী রাশিদা খানম বঙ্গভবনে এ সংবর্ধনার আয়োজন করেন। এখানে আলোকসজ্জাসহ একটি ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়। কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, ডিপলোমেটিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচেরি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশনের প্রতিনিধিগণ, খ্রিষ্টান সমপ্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
