চেক ডিজঅনারের মামলায় এক বছরের সাজা হলেও কারাগারে আছেন দীর্ঘ চার বছর ধরে। বিষয়টি নজরে আসায় কারাগারে থাকা মুন্সীগঞ্জের কোলাপাড়া গ্রামের রেজাউল কবির সুইটকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে মামলার নিম্ন আদালতের নথি তলব করেছে আদালত। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদালতে সুইটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
প্রসঙ্গত চেক প্রত্যাখ্যানের মামলায় ২০১৫ সালের ৫ আগস্ট সুইট গ্রেফতার হন। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর নিম্ন আদালত তাকে পলাতক দেখিয়ে এক বছরের সাজা দেয়। যদিও গ্রেফতারের পর থেকে তিনি আজও জামিনে মুক্তি পাননি। গত বছরের ৬ আগস্ট জেল কর্তৃপক্ষের মাধ্যমে আদালত বরাবর একটি চিঠি দেন। ২০১৫ সাল থেকে চেক প্রত্যাখ্যানের মামলায় তিনি কারাগারেই আছেন। অথচ এ সকল তথ্য নিম্ন আদালতের নজরে আনলেও আদালত এই পত্রের ভিত্তিতে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এরপর হাইকোর্টে রিট করা হয়।
