ধামরাইয়ে হ্যালোবাইকের ওপর গাছ পড়ে ঝরে গেল পাঁচটি তাজা প্রাণ! বয়স্ক-ভাতা, বিধবা-ভাতা, প্রতিবন্ধী-ভাতা সংগ্রহ করতে হ্যালোবাইকযোগে ধামরাই যাচ্ছিলেন তারা। দুর্ঘটনায় আহত হয়েছেন হ্যালোবাইকের আরো দুই আরোহী। নিহতরা হলেন উপজেলার বাইচাইল গ্রামের কুলসুম বেগম ও তার স্বামী নুরুমিয়া, তেলিগ্রামের মাজেদা বেগম ও আয়েশা বেগম এবং কামারপাড়ার সামছুল হক। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে কাওয়ালীপাড়া-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের চৌরাস্তা-মাদারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কোনো নিরাপত্তা বেষ্টনির ব্যবস্থা না করেই দীর্ঘ দিন ধরে সওজের আঞ্চলিক মহাসড়কের দুই পাশের গাছ কেটে আসছে ঠিকাদারের লোকজন। গতকাল সোমবারও গাছ কাটার সময় রাস্তার পাশে কোনো নিরাপত্তা বেষ্টনির ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঠিকাদারসহ গাছকাটা শ্রমিকরা পালিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক, ওসি দীপক চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। সামিউল হক বলেন, ঘটনা তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি বলেন, ঠিকাদার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
