বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য ডা. ক্ষিতিশ চন্দ্র মণ্ডল পরলোকে গমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। গতকাল সোমবার সকাল ৯টায় শহরের শিকারপুরে নিজ বাসবভনে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী নারীনেত্রী মনিকা মণ্ডল, যুক্তরাষ্ট্র প্রবাসী দুই ছেলে ও ভারত প্রবাসী এক মেয়ে রেখে গেছেন। গতকাল রাষ্ট্রীয় মর্যাদা জ্ঞাপন শেষে বিকেলে তার মরদেহের সত্কার করা হয়।
তিনি ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে পিরোজপুর মহকুমার নাজিরপুর-বানারীপাড়া (একাংশ) এলাকা থেকে সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে পিরোজপুর মহকুমা সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য হয়ে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন। ভারতে শরণার্থী ক্যাম্পে চিকিত্সাসেবায় নিজেকে নিয়োজিত করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি গণপরিষদের সদস্য ছিলেন। ১৯৭২ সালে তিনি পিরোজপুর মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। ১৯৭৩ সালে বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে পূর্বোল্লেখিত এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর বঙ্গবন্ধু গঠিত মন্ত্রিসভায় তাকে প্রতিমন্ত্রী নিয়োগ করা হয়। প্রথমে তিনি কৃষি ও খাদ্য এবং পরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পরে তিনি মোস্তাক মন্ত্রিসভারও সদস্য ছিলেন। জিয়াউর রহমানের শাসনকালে তিনি আলজেরিয়ায় প্রবাসী হয়ে সেখানে চিকিত্সাসেবায় রত ছিলেন। আশির দশকে তিনি দেশে ফিরে আসেন এবং ১৯৯৩ সালে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হন। ১৯৯৫ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।
শোক প্রকাশ
ক্ষিতিশ চন্দ্র মণ্ডলের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, সংরক্ষিত আসনের এমপি শেখ এ্যানী রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দি মহারাজ, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবর রহমান খালেক, পিরোজপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী ও সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।
ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডলের অন্ত্যেষ্টিক্রিয়া সন্ধ্যার পর পিরোজপুর পৌর শ্মাশানে সম্পন্ন হয়। এ সময় রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে পুলিশের একটি চৌকস দল। জেলা প্রশানের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মোস্তানজির ও সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ প্রয়াতের মরদেহে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। এ ছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
