করোনা ধরা পড়েছিল আগেই, সরকার চেপে রেখেছিল :ফখরুল

আপডেট : ১০ মার্চ ২০২০, ০০:৪২

বাংলাদেশে নতুন করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা আগেই শনাক্ত হলেও মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি অতিথিদের উপস্থিতি নিশ্চিত করতে সরকার এত দিন খবরটি গোপন রেখেছিল বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে গতকাল সোমবার এক অনুষ্ঠানে কভিড-১৯ নামে নতুন এ রোগ প্রতিরোধে সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি বলেও বিএনপির মহাসচিব অভিযোগ তোলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার এই করোনা ভাইরাস নিয়ে এত দিন কোনো কিছুই বলেনি এবং তারা খুঁজেও পায়নি। কী কারণে খুঁজে পায়নি জানি না। হঠাত্ করে কালকে খুঁজে পেয়েছে। আমার ধারণা, তারা পুরো জিনিসটাকে গোপন করার চেষ্টা করেছে।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. খন্দকার মোশাররফ হোসেনের লেখা ‘প্রগতি ও সত্যের সন্ধানে’ এবং ‘মূল্যবোধ ও অবক্ষয়ের খণ্ডচিত্র’ নামে দুটি বইয়ের প্রকাশনা উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ অনুষ্ঠান হয়।