স্ত্রীকে নির্যাতনের অভিযোগে কলেজ শিক্ষক গ্রেফতার

আপডেট : ১০ মার্চ ২০২০, ০০:৪৫

সরকারি তিতুমীর কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেনকে নারী নির্যাতনের অভিযোগে করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গত ২০ ফেব্রুয়ারি শারীরিক নির্যাতনের অভিযোগে তার স্ত্রী রওশন আরা লিনার অভিযোগের প্রেক্ষিতে কলাবাগান থানা পুলিশ গতকাল সোমবার তাকে গ্রেফতার করে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসার হিসাবে কর্মরত ভুক্তভোগী লিনা জানান, যৌতুকের জন্য দীর্ঘদিন ধরেই জাকির শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। তাদের ঘরে ১৪ বছরের এক কন্যাসন্তান রয়েছে। কিন্তু পুত্র সন্তান না হওয়ার কারণে প্রায়ই বেধড়ক মারধর, গালিগালাজসহ নির্যাতন করেন স্বামী।

সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি কলাবাগানের নর্থ রোডের বাসায় তার স্বামী বেধড়ক মারধর করে তাকে ফেলে রাখেন। পরবর্তীতে জাকির হোসেন আত্মগোপন করেন। এমতাবস্থায় পরের দিন তিনি ডাক্তারের কাছে চিকিত্সা গ্রহণ করেন। সুস্থ হয়ে তিনি জাকিরের বিরুদ্ধে মামলা করেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র জানান, গতকাল আসামিকে আদালতে পাঠানো হয়েছে।