সেনা মোতায়েনেও অবস্থার উন্নতি হয়নি : রিজভী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ০০:৩৫

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন আগে সারা দেশে সেনা মোতায়েন করা হলেও অবস্থার উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে এই অবস্থার উন্নতি হবে বলে আশা করছেন তিনি।

গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, সোমবার ২৮টি নির্বাচনী এলাকায় হামলা হয়েছে। সেনা মোতায়েনের পরও অবস্থার উন্নতি হয়নি। আশা করছি, উন্নতি হবে।’ সম্মেলনে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীকে নিরপেক্ষ দায়িত্ব পালনেরও আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, নির্বাচনী সমতল মাঠের ভেতর দিয়ে এখন রক্তনদী বয়ে যাচ্ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে সরকারি সন্ত্রাসের থাবা ততই বীভত্সরূপে জনগণের ওপর ধেয়ে আসছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটি থেকে শুরু করে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যারা ধানের শীষের প্রার্থী হয়েছেন তাদের আজ অনেকেই আওয়ামী সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের ঘায়ে ক্ষতবিক্ষত। এরা গণসংযোগের বদলে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

রিজভী বলেন, আগামী নির্বাচন নিয়ে বাংলাদেশের নাগরিকদের সকল আশা বিলীন করার জন্যই আজ শাসকগোষ্ঠী ছুটে বেড়াচ্ছে। একতরফা নির্বাচন করার জন্য ভোটারদের নিরাপত্তাহীন করা হচ্ছে।