সাভারে মঙ্গলবার দুপুরে বেশি দামে মাস্ক বিক্রির দায়ে লাজ ফার্মা লিমিটেড নামের একটি ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মতিউর রহমান ও পাপন দেবনাথ নামের দুই বিক্রয়কর্মীকে আটক করা হয়। সাভার থানা রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ।
এদিকে মানিকগঞ্জ প্রতিনিধি জানান, বেশি দামে মাস্ক বিক্রির দায়ে মঙ্গলবার দুপুরে এক দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ।
শহিদ রফিক সড়কের মা বস্ত্রালয় প্রতিষ্ঠানকে ফেইস মাস্ক অধিক মূল্যে বিক্রির দায়ে ৫ হাজার এবং সুজন জেনারেল স্টোরকে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী, নকল কসমেটিকস ও সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে বিদেশি কসমেটিকস বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
