অবশেষে গরিব দেশে এসে গেল করোনা,
মনে সাহস রাখতে হবে, কেউ যেন ভাই ডরো না।
আতঙ্কটা না বাড়িয়ে সর্তকতা বাড়তি চাই
সাবধানতাই বড়ো কথা, তার ওপরে ওষুধ নাই।
কোলাকুলি, গলাগলি আপাতত দূরে থাক
হাতে হাতে মাখামাখি এই সময়ে নিপাত যাক।
চলতে হবে ভিড় এড়িয়ে, সমাবেশে যাবে না;
সাবান দিয়ে হাত না ধুয়ে কোনো কিছু খাবে না।
হাঁচি দিলে মুখে রুমাল কিংবা টিস্যু চেপো ভাই
জ্বর, কাশি বা গলাব্যথায় সদা সজাগ থাকা চাই।
পানি খাবে ঘন ঘন, সবজি, শাক আর ফলমূল,
শরীর যেন যুদ্ধে জেতে, তাই কোরো না কোনো ভুল।
জয় আমাদের হবেই হবে, বীরের জাতি বাঙালি—
প্রমাণ হবে করোনা আজ হাড়-হাভাতে কাঙালি।
