গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় নদীতে অবৈধভাবে ঘের দিয়ে মাছ নিধন চলছে। শীতলক্ষ্যা, বানার ও পুরাতন বহ্মপুেত্র বাঁশ পুঁতে ও গাছের ডালপালা ফেলে মাছ শিকার করছে প্রভাবশালী একটি মহল। ঘের তৈরিতে ছোটো ছিদ্রযুক্ত জাল ব্যবহার করায় মা ও পোনা মাছসহ সব ধরনের মাছ আটকা পড়ছে। এতে জীববৈচিত্র্য ও মত্স্যসম্পদ ধ্বংস হচ্ছে। অথচ প্রশাসনের কার্যকর কোনো ভূমিকা চোখে পড়ছে না। অবৈধভাবে মাছ শিকার রোধে উপজেলা মত্স্য কার্যালয়ের সচেতনতামূলক কোনো কার্যক্রমই দেখা যায়নি।
উপজেলা সদর, নাজাই, ঘিঘাট, দরদরিয়া এলাকার শীতলক্ষ্যা নদী, টোকের বানার ও পুরাতন বহ্মপুত্র নদসহ বিভিন্ন এলাকায় নির্দিষ্ট একটি স্থান দখল করে চারপাশে বাঁশ পুঁতে ভেতরে কচুরিপানা ও গাছের ডালপালা ফেলে ঘের দেওয়া হয়েছে। ঘেরের ভিতরে থাকে প্রচুর পরিমাণে মাছের খাবার। খাবারের খোঁজে মাছ ভিতরে এলে চারদিকে জাল দিয়ে ঘিরে আটকানো হয়। এইভাবে মাছসহ পোনা ধরা পড়ে। এদিকে ঘের দেওয়ার কারণে নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে। আবার স্থানীয় প্রকৃত জেলেরা উন্মুক্তভাবে মাছ শিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
তম্ময় হাসান, কাপাসিয়া, গাজীপুর
