বারইয়ারহাটে আন্ডারপাস প্রয়োজন

আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:০৬

বারইয়ারহাট পৌরসভার মধ্য দিয়ে যাওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেন থাকলেও এই পৌরসভায় মোট ছয় লেনে গাড়ি চলাচল করে। এখানে ফুটওভারব্রিজ রয়েছে একটি। তারপরও মহাসড়কের ডিভাইডারের ফাঁকফোকর দিয়ে জনসাধারণ ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়। আর অসাবধানতায় ঘটছে মর্মান্তিক দুর্ঘটনাগুলো। বারইয়ারহাটের মতো ব্যস্ত জায়গায় একটি ফুটওভারব্রিজ পর্যাপ্ত নয়। বারইয়ারহাট ট্রাফিক মোড়ের আগে বারইয়ারহাট খাগড়াছড়ি সড়ক এবং পশ্চিমে পুরোনো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। খাগড়াছড়ি হয়ে আসা ঢাকাগামী যানবাহন বারইয়ারহাট ট্রাফিক মোড় থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে গিয়ে ইউটার্ন করে পুনরায় ট্রাফিক মোড় ক্রস করে ঢাকা রওনা হয়। আবার চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী যানবাহন বারইয়ারহাট থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে গিয়ে ইউটার্ন নিয়ে খাগড়াছড়ি ছেড়ে যায়। বারইয়ারহাট ট্রাফিক মোড়ে আন্ডার পাস থাকলে পথচারীদের দুর্ভোগ লাঘব হতো। বারইয়ারহাটে আন্ডার পাস হওয়া অতীব জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

কামরুল ইসলাম

বারইয়ারহাট, মীরসরাই, চট্টগ্রাম