বাংলাদেশে নারীদের এগিয়ে যাওয়ার পথে বেশ কিছু চ্যালেঞ্জের কথা উঠে আসে নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে। সেমিনারে এই চ্যালেঞ্জ মোকাবিলায় সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। বলা হয় সামাজিক দৃষ্টিভঙ্গি বদল হলে সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় নারীদের অংশগ্রহণ আরো বাড়বে।
গতকাল জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘উইমেন লিডারশিপ ইন বাংলাদেশ মিডিয়া:চ্যালেঞ্জ অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড’ শিরোনামে সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব এবং ঢাকার সুইডেন দূতাবাস।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্বে না এলে রাষ্ট্র ও সমাজের আজকের যে অগ্রগতি তার কিছুই হতো না। তার পরও এখনো অনেক চ্যালেঞ্জ আছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে যেতে হবে।
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও গবেষক শামীম আরা শিউলি। তিনি জানান, দেশে মোট সাংবাদিকদের মধ্যে ৮৪ শতাংশ পুরুষ এবং মাত্র ১৬ শতাংশ নারী। সাংবাদিকতায় যত নারী আছেন তার মধ্যে ১৯ শতাংশ টেলিভিশনে, ৩৩ শতাংশ রেডিওতে এবং মাত্র ৮ শতাংশ সংবাদপত্রে কাজ করছেন। প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব পর্যায়ে নারীদের অবস্থান নেই বললেই চলে।
ডিক্যাব সভাপতি আঙুর নাহার মন্টির সভাপতিত্বে এ সেমিনারে আলোচনায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত সার্লোটা স্লাইটার, ইউএন ইউমেনের কান্ট্রি ডিরেক্টর শোকো ইশিকাওয়া, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক সাদিয়া হালিম, ডিক্যাব সদস্য শাহীদুল ইসলাম চৌধুরী, রাশেদ মেহেদী ও ইশরাত জাহান ঊর্মি। স্বাগত বক্তব্য রাখেন ডিক্যাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
তাসমিমা হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে নারীর ক্ষমতায়নে অনেক বড়ো সাফল্য এসেছে। সেই সাফল্যকে স্বীকৃতি দিতেই হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে থেকে যে নারীরা স্থানীয়পর্যায়ে নেতৃত্বে এসেছেন এবং আসছেন তাদের ক্রমান্বয়ে জাতীয় নেতৃত্বের পর্যায়ে আনতে হবে। তিনি বলেন, কেউ কাউকে কোনোকিছু অর্জন করে দিতে পারে না, অর্জন করে নিতে হয়। অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী বলেন, সমাজের একটা সুবিধাজনক অংশ নিরাপদ অবস্থানে থেকে অনেকখানি অগ্রসর হয়েছেন। কিন্তু এর বাইরে সমাজে নারীদের এখনো পুরুষতন্ত্র, ধর্মের অপব্যাখ্যাসহ অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
