জাবিতে উন্মুক্ত লাইব্রেরি

আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:১১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সমাজবিজ্ঞান অনুষদ ও মুরাদ চত্ব্বরে বসে আড্ডা কিংবা গল্প করেন শিক্ষার্থীরা। তবে আড্ডার মাঝে যদি কারো একটু বই পড়তে মন চায় তাদের জন্য বিশ্ববিদ্যালয়ে এসব স্থানে বক্সের মতো দেখতে ভিন্নধর্মী ‘উন্মুক্ত লাইব্রেরি’ তৈরি করেছে টিআইবির সহযোগী সংগঠন ইয়েস গ্রুপ। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও সমাজবিজ্ঞান অনুষদের সামনে এ লাইব্রেরি বক্স স্থাপন করা হয়েছে। এ লাইব্রেরি সবার জন্য উন্মুক্ত থাকবে। লাইব্রেরি বক্সে কোনো তালা থাকবে না। যে কেউ বই নিয়ে পড়তে পারবে। আবার নিজ দায়িত্বে রেখে দিতে হবে।

সংগঠনটির সাবেক টিম লিডার মাহবুব আলম তার দায়িত্ব পালনকালে এ লাইব্রেরি করার আইডিয়া শেয়ার করেন গ্রুপটির কো-অর্ডিনেটর দিলরুবা বেগম মোনালিসার সঙ্গে। এ আইডিয়া পছন্দ হলে টিআইবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেন তিনি। তাদেরও পছন্দ হলে এ আইডিয়াটি বাস্তবায়ন করে টিআইবি। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ লাইব্রেরি উদ্বোধন করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

এদিকে লাইব্রেরি উদ্বোধনের আগে সংগঠনটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে নারী দিবস উপলক্ষ্যে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাবি ইয়েস গ্রুপের প্রধান উপদেষ্টা অধ্যাপক বশির আহমেদ। এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নাসিমা আখতার হোসাইন।