মানিকগঞ্জে বিদেশফেরত ৫৯ ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে

আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:১১

মানিকগঞ্জে করোনা ভাইরাস মোকাবিলায় প্রতিরোধ ও আক্রান্ত ব্যক্তিদের তাত্ক্ষণিক চিকিত্সাসেবা নিশ্চিত করতে গতকাল মঙ্গলবার থেকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১২ শয্যার করোনা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। হাসপাতালের পুরাতন ভবনের দোতলায় একটি বড়ো আয়তনের কক্ষে এই ইউনিট খোলা হয়েছে। সম্প্রতি দেশে আসা ৫৯ জন বিদেশফেরত ব্যক্তিকে তাদের বাড়িতে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে।

এছাড়া বিদেশফেরত আসা ব্যক্তিদের স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দিলে তাত্ক্ষণিকভাবে তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে। মানিকগঞ্জ পৌর এলাকার কেওয়ারজানী এলাকায় আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউশনে নতুন ভবনে কোয়ারেন্টাইন ইউনিট খোলা হয়েছে। সেখানে ১০০ শয্যার ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসক এস এম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জেলা এবং উপজেলায় তিনটি কমিটি করা হয়েছে। এদিকে জেলা সদর হাসপাতালে ৯ সদস্যবিশিষ্ট কোভিড-১৯ ব্যবস্থাপনা কমিটিও করা হয়েছে। এই কমিটিতে সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সাকিনা আনোয়ারকে প্রধান করা হয়েছে। হাসপাতালে ইসোলেশন ইউনিটে রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করা ও তা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো এই কমিটির প্রধান কাজ।