বঙ্গবন্ধুর আন্দোলন গান্ধী-সুভাষের চেয়েও সফল ছিল :আমু

আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:১১

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলন মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষচন্দ্র বসুর চেয়েও সফল ছিল। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড কার্যালয়ে ‘নিউজ টোয়েন্টিফোর’র সৌজন্যে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন আমির হোসেন আমু। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘জাতির পিতার স্বপ্ন ও আমাদের বাংলাদেশ’ শীর্ষক ঐ আয়োজনে প্রধান আলোচক ছিলেন তিনি। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেন।

বঙ্গবন্ধুর নেতৃত্বের জয়গান গেয়ে আমু বলেন, মহাত্মা গান্ধীকে বলা হয় অসহযোগ আন্দোলনের জনক। তবে সত্য হচ্ছে, তার অসহযোগ আন্দোলন কিন্তু সফল হয়নি। অন্যদিকে সুভাষচন্দ্র বসুর আন্দোলনও সফল হয়নি। সেদিক থেকে বঙ্গবন্ধুর আন্দোলন সফল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এ কে আজাদ বলেন, বঙ্গবন্ধু কখনো অসত্ রাজনীতির সঙ্গে সমঝোতা করেননি। তিনি কখনো ক্ষমতার মোহে ছিলেন না।

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরাম নেতা আবু সায়ীদ বলেন, বঙ্গবন্ধুকে কারো সঙ্গে তুলনা করার দরকার নেই। বঙ্গবন্ধু ছিলেন বঙ্গবন্ধুই। শুরু থেকেই তার স্বপ্ন ছিল, বাংলাদেশকে স্বাধীন করা, অর্থনৈতিকভাবে শক্তিশালী করা। সাবেক বিচারপতি শামসুদ্দীন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, বিশ্বনেতা ছিলেন।