টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:১১

গতকাল মঙ্গলবার দুপুরে টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় বস্তি উচ্ছেদের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী প্রেসক্লাবের সামনে বস্তিবাসীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভায় টঙ্গীর ১৯টি বস্তিবাসীর মহিলা-পুরুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা অনুযায়ী বস্তিবাসীদের পুনর্বাসন ছাড়া বস্তি থেকে উচ্ছেদ করা যাবে না। কিন্তু স্থানীয় একটি কু-চক্রীমহল নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ক্ষমতার প্রভাব খাটিয়ে বস্তিবাসীদের উচ্ছেদ করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। বস্তিবাসীরা এর প্রতিবাদ করলে ঐ চক্রের সন্ত্রাসীরা এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে হুমকি দিচ্ছে। এই বস্তিতে ১০টি মুক্তিযোদ্ধাসহ প্রায় ২ শতাধিক পরিবার দীর্ঘদিন যাবত্ বসবাস করে আসছে। বর্তমানে বস্তিবাসীরা পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। একটি চক্র গত তিন দিন যাবত্ বস্তিবাসীদের গ্যাস, পানি ও বিদ্যুত্ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে।