বিশ্বে মহানবির (স) আদর্শ অনুসরণের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব — পির সাহেব চরমোনাই

আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:১৩

বর্তমান সমস্যাসংকুল বিশ্বে মহানবি হযরত মোহাম্মদের (স) আদর্শ অনুসরণের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম ধর্ম নিয়ে গবেষণাকারী অনেক বিজ্ঞানী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এদেশে জনসংখ্যার ৯২ ভাগ মুসলমান, সাড়ে ৩ লাখ মসজিদ, ৭ লাখ ইমাম-মোয়াজ্জিন ও ৭০ হাজার ছোটো-বড়ো মাদ্রাসা রয়েছে। যে দেশে আজানের শব্দ শুনে শিশুদের ঘুম ভাঙে সেখানে কোনো নামাজি বেনামাজিদের সমর্থন করতে পারে না। পরকালের কথা চিন্তা না করে অনেকেই সম্পদ ও ক্ষমতার পিছনে ঘুরছেন। জিহাদ মানে মারামারি, কাটাকাটি নয়, অন্যায়ের প্রতিবাদ করা। সত্ কাজের আদেশ এবং অসত্ কাজে নিষেধ করতে হবে। আত্মশুদ্ধি না করতে পারলে কেউ বেহেশতে যেতে পারবে না। বিভিন্ন সময়ে প্রকাশিত বিভিন্ন গ্রন্থে ভুল হওয়ার কথা স্বীকার করা হলেও পবিত্র কোরআন শরীফে কোনো ভুল নাই। দ্বীনি শিক্ষাগ্রহণ করা মুসলমানদের জন্য ফরজ। আমিরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই গত সোমবার স্থানীয় চিলড্রেন পার্কে বাংলাদেশ মুজাহিদ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, এখন সময় এসেছে মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠা করার। পরে পীরসাহেব চরমোনাই লাখাই উপজেলায় আরেকটি ওয়াজ মাহফিলে যোগদান করেন।