দেশে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর পোশাক কারখানায় এ ভাইরাসের বিস্তার ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে এ খাতের শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ। কারখানামালিক, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি চালু থাকবে। একই সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্য একটি হটলাইনও (+৮৮০১৭৩০৪৪২২১১) চালু করা হয়েছে।
এছাড়া বিজিএমইএর আওতাধীন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলোতে নিয়মিত চিকিত্সক রাখার পাশাপাশি যোগাযোগ রাখা হচ্ছে। পোশাকশিল্প অধ্যুষিত এলাকাগুলোকে চারটি অঞ্চলে ভাগ করে বিজিএমইএ অফিসের কর্মীদের সমন্বয়ে সেখানে তদারককারী দল গঠন করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়—কোনো কারখানায় করোনা ভাইরাসের বিষয়ে সমস্যা হলে কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যসেবা কর্মীরা অঞ্চলভিত্তিক মাঠ পর্যায়ের তদারককারী দলের সঙ্গে যোগাযোগ করবেন।
এছাড়া সংগঠনের সদস্যদের কাছেও করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নোটিশ পাঠানো হয়েছে। কারখানাগুলোতে সমস্যা দেখা দিলে বিজিএমইএ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্যোগ নেওয়া ও শ্রমিকদের সচেতন করারও তাগিদ দেওয়া হয়েছে।
