ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা টেস্ট ক্রিকেটের পরিবর্তন নিয়ে খুব একটা ভাবিত নন। ক্রিকেটের বরপুত্রের মতে, টেস্টের রোমাঞ্চ বাড়বে যদি কি না নিয়মিত ম্যাচগুলোতে ফলাফল আসে, সেটা চার দিনের টেস্ট হোক কিংবা পাঁচ দিনের হোক কোনো ব্যাপার না।
আইসিসি চিন্তা করছে, টেস্ট ক্রিকেটকে স্থায়ীভাবে চার দিনে নামিয়ে আনা হবে। সময় ও সূচি বাঁচানোর জন্য চার দিনের টেস্ট বাধ্যতামূলক করতে যাচ্ছে আইসিসি। এই পরিকল্পনা মাথায় রেখেই এগোচ্ছে তারা। তাদের পরিকল্পনা, ২০২৩ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো চার দিনে শেষ করা। তাদের দাবি সময় বাঁচার সঙ্গে সঙ্গে এর ফলে টেস্ট ক্রিকেট আরো আকর্ষণীয় ও বিনোদনদায়ক হবে।
আর এই নতুন উদ্যোগের খবরে দুনিয়া জুড়ে ক্রিকেটারদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। কেউ পক্ষে, কেউ বিপক্ষে জোর গলায় কথা বলছেন। বেশির ভাগ বর্তমান ক্রিকেটারই বলছেন, এটা টেস্ট ক্রিকেটের ক্ষতি করবে।
বিরোধিতা করেছেন জো রুট, রিকি পন্টিং, শোয়েব আখতার, জাস্টিন ল্যাঙ্গার কিংবা ন্যাথান লিঁওরা। ভারতের অধিনায়ক বিরাট কোহলি, লিটল মাস্টার শচিন টেন্ডুলকার ও লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনেও শক্তভাবে এর বিরোধিতা করেছেন। আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলেও এর বিরোধিতা করেছেন।
তবে, একটু ভিন্ন ভাবে ভাবছেন ব্রায়ান লারা। তিনি মনে করেন, পাঁচ বা চার দিন নয়—ফলাফলটাই মূল ব্যাপার। এমনকি দিবারাত্রির টেস্টকেও রোমাঞ্চ বাড়ানোর জন্য যথেষ্ট বলে মনে করছেন না তিনি।
তিনি বলেন, ‘আমি মনে করি, টেস্ট ক্রিকেটটা লোকে তখনই দেখে যখন ম্যাচের ফলাফল আসে। ম্যাচের ফলাফল আসলেই কেবল সেটা সবার নজর কাড়তে পারে। সেই ম্যাচ চার দিনের হোক, কিংবা পাঁচ দিনের—কোনো ব্যাপার নয়। প্রথম থেকে শেষ দিন দর্শকের আগ্রহ ধরে রাখাটাই আসল।’
টেস্টের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৪০০ রান করা লারা আরো বলেন, ‘এই ব্যাপারে ক্রিকেটকে আমেরিকানরা প্রায়ই একটা খোঁচা দেন। ওরা বলে, তোমরা পাঁচদিন ধরে একটা খেলা খেল, কিন্তু কোনো বিজয়ী বের হয়ে আসে না। এটা কেমন ভুতুড়ে খেলা। প্রতিটা খেলাতেই তো একজন বিজয়ী দরকার।’
বছর দুয়েক আগেই চার দিনের টেস্টের পরিকল্পনা করেছিল আইসিসি ক্রিকেট কমিটি। তবে, সেটা ছিল কেবল নিচের দিকে থাকা দলগুলোর জন্য। সেখানে প্রাথমিক ভাবে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের থাকার কথা ছিল। কিন্তু, সেই পরিকল্পনাটা সবদলের জন্য ছিল না। সেই পরিকল্পনা মাফিকই দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি চার দিনের টেস্ট ম্যাচ খেলে জিম্বাবুয়ে।
১৩১ টেস্টের ক্যারিয়ারে ১১,৯৫৩ রান করা এই কিংবদন্তি মনে করেন দিবারাত্রির টেস্ট ক্রিকেটের একটা আকর্ষণীয় ব্যাপার। তবে, সেটা কখনোই ক্রিকেটের ভবিষ্যত্ হতে পারে না।
তিনি বলেন, ‘আমার মতে দিবারাত্রির টেস্ট একটা আকর্ষণীয় ব্যাপার। তবে, এটা কখনোই টেস্টের ভবিষ্যত্ হতে পারে না। এটা বাড়তি কোনো গুরুত্ব বহন করে না।’
