‘ধোনি’কে খুঁজছেন ল্যাঙ্গার

আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:১৯

সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে খুঁজছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জাস্টিন ল্যাঙ্গার। না, ঠিক ধোনিকেই লাগবে এমন নয়। আসলে তিনি ধোনির মতো একজন ফিনিশার খুঁজছেন কিংবা অস্ট্রেলিয়ারই সাবেক ক্রিকেটার মাইকেল বেভানের মতো হলেও চলবে।

আসছে ১৩ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামছে অস্ট্রেলিয়া। আর এই সিরিজের আগে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড়ো দুশ্চিন্তার নাম হলো মিডল অর্ডারে একজন ফিনিশারের ঘাটতি। এ ব্যাপারে কোচ ল্যাঙ্গার বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে আমাদের মাইক হাসি কিংবা মাইকেল বেভানের মতো খেলোয়াড়েরা এই জায়গাটাতে আগে খেলেছেন। এখানে তারা সেরা। মহেন্দ্র সিং ধোনিও নিজের সেরা সময় এখানে সবার চেয়ে এগিয়ে ছিলেন। এখন যেমন জশ বাটলার ইংল্যান্ডের হয়ে এই ভূমিকায় দারুণ করছেন। তাই আমরা যেটা বুঝতে পারলাম, বিশ্বের সব দলেই এমন একজন খেলোয়াড়ের খুব চাহিদা থাকে। আমাদেরও এখন ঠিক এমন কাউকেই দরকার।’সাম্প্রতিক সময়ে মাঠে বাজে সময় কাটাচ্ছে অস্ট্রেলিয়া। দক্ষিণ মাটিতে ওয়ানডে সিরিজে তারা ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে। এই সিরিজে ৬ নম্বরে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটায় খেলেছেন মিশেল মার্শ। করেন যথাক্রমে ৩২ ও ৩৬ রান। ল্যাঙ্গার মনে করেন, যত দ্রুত সম্ভব ৬ নম্বর পজিশনে যোগ্য কাউকে খুঁজে বের করা দরকার। বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে এটা খুবই জরুরি বলে মানছেন তিনি। বললেন, ‘এটা এমন একটা ভূমিকা, যেটাতে কাউকে না কাউকে দ্রুত মানিয়ে নিয়ে নিজেকে প্রমাণ করতে পারাটা জরুরি। এখন তো কোনো পজিশনেও ঠিক কেউ নিশ্চিত নয়, তাই নয় কি? এখন প্রতিযোগিতাও তো বেশি। তবে এই পজিশনটা ভিন্ন। সবার জন্যই এই লড়াইটা উন্মুক্ত।’

এটা ঠিক যে অস্ট্রেলিয়া সাম্প্রতিক সময়ে নিজেদের মিডল অর্ডার নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। গেল এক বছরে ৪ থেকে ৭ নম্বর পজিশনে অস্ট্রেলিয়া মোট ১৩ জন ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানকে খেলিয়েছে। এর মধ্যে ৬ নম্বর পজিশনের জন্যও খেলানো হয়েছে ৯ জনকে।  গ্লেন ম্যাক্সওয়েল পাঁচটি ও মার্কাস স্টোয়িনিস চারটি করে ইনিংসে সুযোগ পেয়েছেন ৬ নম্বরে। এর মধ্যে স্টোয়িনিস খুব বাজেভাবেই ব্যর্থ হয়েছেন। চার ইনিংসে করেছেন মাত্র ২৭ রান। এজন্যই ল্যাঙ্গারের কপালে দুশ্চিন্তার ভাঁজটা এত তীব্র।