লা লিগা কর্তৃপক্ষ করোনা ভাইরাস সংক্রমণ রুখতে আগামী দুই সপ্তাহের সব ম্যাচ দর্শকহীন মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ন্যাপোলির বিপক্ষে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ভাইরাসটির কারণে এখন পর্যন্ত বিশ্ব জুড়ে বেশ কিছু টুর্নামেন্ট স্থগিত হয়ে গেছে, শঙ্কায় আছে আরো বেশ কিছু টুর্নামেন্ট। স্প্যানিশ সরকার পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত আগামী দুই সপ্তাহের লা লিগা আর প্রথম বিভাগের সব খেলায় দর্শক নিষিদ্ধ করেছে। লা লিগার ২৮ ও ২৯তম ম্যাচ ও প্রথম বিভাগের ৩২ ও ৩৩তম ম্যাচ এই আওতায় পড়বে।
তবে স্পেনে করোনা পরিস্থিতির অবনতি ঘটলে ইতালিয়ান সিরিআর মতো স্থগিতাদেশ নেমে আসতে পারে লা লিগার ওপর, এমন শঙ্কাও ঘুরে বেড়াচ্ছে স্প্যানিশ গণমাধ্যমে। স্প্যানিশ সরকারের এই সিদ্ধান্তে কিছুটা ক্ষতিই হলো রিয়াল মাদ্রিদের। ২৮ ও ২৯তম ম্যাচ দিবসের দুটো ম্যাচই যে দলটি খেলত নিজেদের মাঠে। আগামী শুক্রবার এইবার কে আতিথ্য দেবে কোচ জিনেদিন জিদানের শিষ্যরা, পরের সপ্তাহে তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। লা লিগার বাকি সব দলই এ সময়ে ঘরের মাঠে খেলবে একটি ম্যাচ। তবে লা লিগার এমন সিদ্ধান্তের আগেই বার্সেলোনা কর্তৃপক্ষ ন্যাপোলির বিপক্ষে ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। দলটির মুখপাত্রের সূত্র ধরে রয়টার্স জানায়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছিল ক্লাবটি।
