প্রতাপ ধরে রাখতে চান মেহেদীরা

আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:২১

মেহেদী হাসান ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং অলরাউন্ডার বলেই স্বীকৃত। কিন্তু জাতীয় দলে ভূমিকাটা অফস্পিনারের; স্পিনিং অলরাউন্ডার।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৪ ওভার বল করে কোনো উইকেট না পেলেও পরের ম্যাচ নিয়ে আশাবাদী তিনি। জিম্বাবুয়েকে এরই মধ্যে বাংলাদেশ একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে উড়িয়ে দিয়েছে। মেহেদীর বিশ্বাস, দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একই ধরনের পারফরম্যান্স ধরে রাখতে পারবেন তারা। শেষ ম্যাচের সম্পর্কে বলতে গিয়ে এই অলরাউন্ডার বলছিলেন, ‘যেহেতু আমরা টেস্ট, ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টিতে খুব ডোমিনেট করে জিতেছি, কোনো পাত্তাই দিইনি সেক্ষেত্রে ওভাবেই খেলব।’

তবে এই আত্মবিশ্বাসকে অতি আত্মবিশ্বাসে পরিণত হতে দিতে চান না মেহেদী। তিনি বলছিলেন, ‘ওভার কনফিডেন্স কারও মধ্যেই দেখা যাচ্ছে না। গোল বলের খেলা। একটা পজিটিভ জিনিস হলো ব্যাটসম্যানরা যেই খেলছে রানের মধ্যে আছে। অনেকে ব্যাটিং অর্ডারে সুযোগও পাচ্ছে না। ওয়ানডে থেকেই দেখেন হয়তো এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে। নিচের ব্যাটসম্যানরা একটুও সুযোগ পাচ্ছে না। তারাও চাচ্ছে রান করার জন্য। ওভারঅল আমরা ছোটো করে দেখছি না। গোল বল আর জিম্বাবুয়ে হোক বা যে কেউই, টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো সময় মোমেন্টাম চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে লাস্ট খেলাটা আমাদের আরো বেশি সতর্ক ও মনযোগী হয়ে খেলা উচিত। আমি মনে করি,  ইনশাআল্লাহ সেটাই করব।’

এই সতর্কতা নিয়েই প্রতাপটা ধরে রাখতে চান তারা। মেহেদী বলছিলেন, ড্রেসিংরুমে সবাই এই ইতিবাচক ক্রিকেটের কথা বলছিলেন, ‘হ্যাঁ আমিতো টি-টোয়েন্টি সিরিজে ড্রেসিংরুমে আসার পর থেকে এটাই শুনছি সিনিয়ররা আলোচনা করছিল। এখন থেকে যে সিরিজগুলো হবে আমরা এভাবে ডোমিনেট করে খেলার চেষ্টা করব। সেক্ষেত্রে যাই হোক রিয়াদ ভাই পজিটিভ কথাবার্তা বলছিল ড্রেসিং রুমে। খুব সাহসী মানসিকতা নিয়ে এনার্জেটিক ক্রিকেট খেললে ইনশাআল্লাহ আপকামিং যে সিরিজগুলো আছে, এখন যেটা খেলছি সবগুলো ইনশাআল্লাহ হয়তোবা ভালো হবে।’

মেহেদী মনে করেন, পাকিস্তান সফরের আগে এই সিরিজটা দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। তিনি বলছিলেন, ‘এই সিরিজটা পুরোপুরি হয়ে গেলে আমাদের আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাসটা পাকিস্তানে কাজে লাগবে যেহেতু ওখানে আমাদের একটা ওয়ানডে ও টেস্ট আছে। আশা করি, আত্মবিশ্বাস কাজে দেবে।’

আজ টানা তৃতীয় সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার সুযোগ। এটা হলে আত্মবিশ্বাসের উপকারিতাটাই বেশি দেখছেন মেহেদী, ‘যেহেতু এখানে আমাদের প্রায় সবকিছু ভালো হচ্ছে আমরাও চাইতেছি ভালো করতে। আগেও যখন বড়ো দলগুলো এসেছিল বাংলাদেশে জিম্বাবুয়ে ছাড়া তাদেরকে কিন্তু আমরা হোয়াইটওয়াশ করেছি। সেক্ষেত্রে আত্মবিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু এই সিরিজটায় আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে সেহেতু পরবর্তী সিরিজগুলোতে এতটা সমস্যা হবে না মনে করি।’