বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ এএফসি ম্যাচ ঘিরে বসুন্ধরা কিংস ব্যাপক আয়োজন করেছে। স্টেডিয়ামে গেলে দেখা যায় সেখানে সাজ সাজ রব। অন্যরকম একটা পরিবেশ আনতে কর্মীরা দম ফেলার ফুরসত পাচ্ছে না। খেলোয়াড়রা মাঠে নামবেন ইংলিশ ফুটবলের আদলে। কাঠের তৈরি টানেল বানানো হয়েছে। ড্রেসিং রুম থেকে বেরিয়ে সেই টানেলের ভেতর দিয়ে মাঠে প্রবেশ করবেন। গ্যালারিতে দর্শকদের জন্য খাবার বিক্রির অস্থায়ী স্টল স্থাপন করা হচ্ছে। টিভিতে নানা ভাবে আজকের ম্যাচ নিয়ে প্রচার করা হচ্ছে। খেলা দেখতে যেসব দর্শক আসবেন তাদের জন্য জুস ও চিপস এবং দলের লাল রংয়ের জার্সি দেওয়া হবে। বসুন্ধরা কিংস কুমিল্লায় খেলতে গিয়ে দুই গাড়ি ভরা জার্সি বিতরণ করেছিল। এএফসি কাপে বসুন্ধরা কিংস ও টিসি স্পোর্টস ক্লাবের এই ম্যাচটা ফক্স টিভি সম্প্রচার করবে।
