করোনা ভাইরাসের আতঙ্ক উপেক্ষা করে রাত-দিন প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সভা-সমাবেশ ও ব্যাপক জনসমাগম না করতে নির্দেশনা থাকলেও তা ঠেকানো যাচ্ছে না। প্রতিদিন ওয়ার্ড ও মহল্লা ভাগ করে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। ইতিমধ্যে নগরীর প্রধান সড়ক ও অলিগলি ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার ও ব্যানারে। কাউন্সিলর প্রার্থীরা নিজেদের পোস্টারের পাশাপাশি দলীয় মেয়র প্রার্থীর প্রচারণাও চালাচ্ছেন। ফলে পুরোদমে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রধান দুই মেয়র প্রার্থীর প্রচারণায় চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলার নেতারাও অংশ নিচ্ছেন। দলের কেন্দ্রীয় নেতারাও সিডিউল করে প্রচারণায় অংশ নেবেন বলে জানা গেছে।
গত সোমবার প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীক পেয়েই প্রার্থীরা পোস্টার ও ব্যানার ছাপানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। বাড়তি টাকা দিয়ে দ্রুত পোস্টার ডেলিভারি নিচ্ছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নগরী পোস্টারে সয়লাব। পোস্টার টাঙানোর জন্য জনসমাগম ও দৃষ্টিনন্দন স্থানগুলো বিভিন্ন প্রার্থীরা আগে থেকে দখলে নিয়েছেন। আন্দরকিল্লার প্রেসপাড়া এখন দিনে-রাতে ব্যস্ত হয়ে পড়েছে। আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা প্রধান প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছেন। এখন ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক প্রচারণা অফিস তৈরি করা হচ্ছে। প্রধান দুই দলের দুই মেয়র প্রার্থী দলের কেন্দ্রীয় ও মহানগরীর নেতাদের সামনে রেখে মিছিল করছেন। আওয়ামী লীগ মেয়র প্রার্থী রেজাউল করিম ওয়ার্ড ভাগ করে প্রচারণা চালাচ্ছেন। তিনি প্রথম দিন পাথরঘাটা, বক্সিরহাট ও দেয়ানবাজার ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও দলের অঙ্গসংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে স্ব স্ব প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে। ওয়ার্ড কাউন্সিলরের পোস্টারের পাশে দলীয় মেয়র প্রার্থীর পোস্টারও টাঙানো হচ্ছে। আওয়ামী লীগ মেয়র প্রার্থী রেজাউল করিম বলেন, সম্মিলিত প্রচেষ্টায় পরিকল্পিত নগরী গড়ে তুলতে নৌকা মার্কায় ভোট চাচ্ছি। দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আমার পক্ষে কাজ করছে। পেশাজীবীরাও প্রচারণা চালাচ্ছে। প্রতিদিন দুই-তিনটি ওয়ার্ড ভাগ করে প্রচারণা চালাচ্ছি।’
এদিকে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। গতকাল মঙ্গলবার তিনি উত্তর পাহাড়তলী ওয়ার্ডসহ কয়েকটি এলাকায় দলের নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালিয়েছেন। গতকাল তার প্রচার মিছিলে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লা-আল নোমান অংশ নেন। তার আগের দিন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ প্রচারণায় অংশ নিয়েছেন। বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত বলেন, প্রশাসন নিরপেক্ষ থাকলে কেন্দ্রে বিপুল ভোটার উপস্থিত হবেন। একটি নিরাপদ, জলাবদ্ধতামুক্ত ও সুন্দর নগরী গড়ে তুলতে ধানের শীষে ভোট চাচ্ছি।
