আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ১২ মার্চ গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশের প্রথম ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানাসহ প্রধানমন্ত্রী এই সড়কপথে চলতি মাসেই টুঙ্গিপাড়ায় যাবেন। কত তারিখে যাবেন এটা পূর্বনির্ধারিত থাকছে না।
গতকাল মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, করোনাভাইরাস নিয়ে রাজনীতি করার কিছু নেই, মানবতা ও জনস্বাস্থ্যের কথা চিন্তা করে মুজিব শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে। ওবায়দুল কাদের বলেন, করোনা মোকাবেলায় রাজধানী ঢাকার সব হাসপাতালে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা-উপজেলার হাসপাতালগুলোতেও প্রস্তুতি আছে। তিনি বলেন, করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সেতুমন্ত্রী বলেন, করোনা ভাইরাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট যে মজুদদারির পাঁয়তারা শুরু করেছে তার বিরুদ্ধে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিনে জনসমাগম এড়িয়ে আওয়াামী লীগের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে ওবায়দুল কাদের বলেন, এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধন হবে। ঐদিন সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। দলীয় ও জাতীয় পতাকা ওড়ানো হবে। দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। দেশের সব গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। ১৭ মার্চ রাত ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মক্ষণে একযোগে সারাদেশে আতশবাজি ফোটানো হবে। এছাড়া পুরো মুজিববর্ষে দলের পক্ষ থেকে বৃক্ষরোপণ এবং গৃহহীনদের ঘর দেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, পরিবার বা দলের নেতার কথায় দন্ডিত আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি হবে না। চিকিত্সকরা তার চিকিত্সার্থে কোনো সুপারিশ করলেই কেবল তা বিবেচনাযোগ্য। মানবিক কারণ বা চিকিত্সার জন্য তার জামিন আবেদন আদালত একাধিকবার নাকচ করে দিয়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিত্সা প্রয়োজন একথা শুধু তার দলের নেতা বা পরিবারের লোকজন বলছেন। খালেদা জিয়ার চিকিত্সায় নিয়োজিত চিকিত্সকরা সে কথা বলছেন না।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য খ ম জাহাঙ্গীর হোসাইন, পারভীন জামান কল্পনা প্রমুখ উপস্থিত ছিলেন।
