আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, করোনা নিয়ে বিএনপি যে বক্তব্য দিয়েছে তা সম্পূর্ণ দায়িত্বহীন ও হাস্যকর। এর মাধ্যমে তারা নিজেদের দেউলিয়াপনার পরিচয় দিয়েছে। প্রমাণিত হয়েছে, বিএনপি হীনম্মন্যতায় ভুগছে। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘মুজিব মানে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দেশ ও জনগণের স্বার্থে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান রবিবার পুনর্বিন্যাস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর পরদিন সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭ মার্চের বাংলাদেশ সফর স্থগিত করেছেন। অথচ এটা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি।
মোহাম্মদ নাসিম বলেন, ‘করোনা ভাইরাস একটি দুঃসময় এনে দিয়েছে। আমরা যক্ষ্মা ও ধনুষ্টংকারমুক্ত হয়েছি। ইবোলা আসতে দিইনি। সাহস ও ধৈর্য নিয়ে কাজ করলে করোনা ভাইরাসও মোকাবিলা করতে পারব।’
স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু প্রমুখ।
