দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আবারও এক ছাত্রকে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। মাহিন শাহরিয়ার নামে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রকে রাতভর একটি কক্ষে আটকে রেখে র্যাগিং (শারীরিক ও মানসিক নির্যাতন) করেছে একই বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র। বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে গত সোমবার সকালে ঐ ছাত্র উদ্ধার হওয়ার পর এ ব্যাপারে লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অভিযোগে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াকুব, গুঞ্জন ও সৌরভ কুণ্ড গত রবিবার দিবাগত রাত ১১টার দিকে মেস থেকে মাহিনকে জোরপূর্বক ধরে এনে জিয়া হলের ৫০৬ নম্বর কক্ষে আটকে রেখে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় রাতভর ঐ কক্ষে আটকে রেখে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। গতকাল সোমবার সকালে ৯৯৯-এ সংবাদ পেয়ে কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন বিষয়টি হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. খালেদ হোসেনকে জানান। তিনি দুই শিক্ষক পাঠিয়ে ঐ কক্ষ থেকে মাহিনকে উদ্ধার করেন।
হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পেলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
