টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি—২০১৩ সালের পর বাংলাদেশের বিপক্ষে কোনো ফরম্যাটেই সিরিজ জেতেনি জিম্বাবুয়ে। আর বাংলাদেশের মাটিতে এসে ২০০১ সালের পর আর কখনো কোনো ক্রিকেট সিরিজ জেতেনি তারা। এই সফরেও টেস্ট, ওয়ানডে সিরিজে সব ম্যাচ হেরেছে তারা। হেরেছে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিও। এখন বাংলাদেশের অপেক্ষা আরেকটা সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার।
গতকাল দলের হয়ে সংবাদমাধ্যমে কথা বলা স্পিনার মেহেদী হাসান বলেছেন, তারা আশাবাদী যে টি-টোয়েন্টিতেও আজ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পারবে বাংলাদেশ। আগের প্রতিটি ম্যাচের মতো দাপট ধরে রেখেই জয় চান তারা।
বাংলাদেশের একাদশে আজ একটি পরিবর্তন আসতে পারে। তামিম ইকবালকে আজ বিশ্রাম দেওয়া হতে পারে। সামনে পাকিস্তানের বিপক্ষে সিরিজ ও প্রিমিয়ার লিগের ব্যস্ত সূচি। ফলে তাকে রেখে আজ তরুণ মোহাম্মদ নাঈমকে পরখ করে দেখা হতে পারে। সে ক্ষেত্রে নাঈম ও লিটন ইনিংস শুরু করবেন।
জিম্বাবুয়ে দলে সুস্থ হলে আজ ফিরে আসতে পারেন নিয়মিত অধিনায়ক চামু চিবাবা। খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ফলে খেলায় শিশির একটু প্রভাব ফেলবে। বিশেষ করে যারা পরে বোলিং করবে, তাদের স্পিনারদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে ব্যাপারটা। তবে উইকেটে অনেক রান থাকবে; প্রথম ম্যাচের মতোই।
আগের ম্যাচেই করোনা ভাইরাস আতঙ্কে টিকিট বিক্রি সীমিত করেছিল বিসিবি। আজকের ম্যাচ নিয়ে এরকম কিছু জানানো না হলেও টিকিট যে খুব বিক্রি করা হবে না, সেটা অনুমান করা যাচ্ছে।
