বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ

সংবিধানে ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না খতিয়ে দেখতে কমিটি গঠনের নির্দেশ

আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:৪৬

সংবিধানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ভুলভাবে সন্নিবেশিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৭ মার্চের ভাষণের সময় উপস্থিত থাকা এক ব্যক্তিসহ বিশিষ্টজনদের এ কমিটিতে রাখতে বলা হয়েছে। ছয় সপ্তাহের মধ্যে ঐ কমিটি গঠন করে আইন সচিবকে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। এছাড়া আদেশে হাইকোর্ট সংবিধানের পঞ্চম তপশিলে থাকা ঐতিহাসিক এই ভাষণের সঙ্গে             এ-সংক্রান্ত সব অডিও-ভিডিও পর্যালোচনা করে একটি প্রতিবেদনও আদালতে দাখিল করতে হবে। সংবিধানে বঙ্গবন্ধুর ৭ মার্চের সঠিক ভাষণ কেন অন্তর্ভুক্ত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে সংবিধানে ৭ মার্চের ভাষণের সঠিকতা যাচাই-বাছাইয়ের জন্য কমিটি গঠনের পক্ষে মতামত দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস। গত ৫ মার্চ রাজবাড়ীর রায়নগর গ্রামের কাশেদ আলীর পক্ষে হাইকোর্টে এ রিট দায়ের করেন আইনজীবী সুবীর নন্দী দাস।