বাঘাইছড়ি উপজেলার সাজেকের দুর্গম এলাকায় সেনাবাহিনী কর্তৃক নির্মাণাধীন সড়ক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাজেকের সিজকছড়া থেকে সাজেকের উদয়পুর ২০ কিলোমিটার নির্মাণাধীন সড়ক পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি সড়কের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, র্যাব মহাপরিচালক মো. বেনজির আহমেদ, খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ প্রমুখ। পরে প্রস্তাবিত রাঙ্গামাটির বরকল উপজেলার হরিণা তেগামুখ স্থলবন্দরের এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে বেলা ২টায় সাজেক ত্যাগ করেন এবং বরকল উপজেলার হরিণা তেগামুখ স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন মন্ত্রী।
