গোপালগঞ্জে শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় এক শিক্ষিকার হাত বিচ্ছিন্ন হয়েছে। প্রাথমিক চিকিত্সা শেষে ওই শিক্ষিকাকে হেলিকপ্টরে ঢাকা পাঠানো হয়। এছাড়া দুই শিক্ষার্থীসহ বিভিন্ন স্থানে সড়কে ছয় জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
গোপালগঞ্জ :গোপালগঞ্জে ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় সৈয়দ ফাহিমা বেগম (৫০) নামে এক শিক্ষিকার হাত বিছিন্ন হয়ে গেছে। এতে ঐ বাসে থাকা অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার পাথালিয়ায় শিক্ষা সফরের বাসটি সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আহত সৈয়দা ফাহিমা বেগমকে মঙ্গলবার বিকাল ৪ টায় হেলিকপ্টারযোগে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সকরা জানিয়েছেন, তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তাকে দ্রুত অপারেশনে নেয়া হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিত্সক ডাঃ পার্থ শংকর পাল জানিয়েছেন, বিচ্ছিন্ন হওয়া হাতটি সংযোজন করার চেষ্টা চলছে। তিনি বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের প্রধান অধ্যাপক আবুল কালামের নেতৃত্বে অর্থোপেডিক, প্লাস্টিক সার্জারী বিভাগের সার্জন সহ কয়েকটি বিভাগের চিকিসকের সমন্নয়ে এই অস্ত্রোপচার শুরু হয়েছে।
কামারখন্দ (সিরাজগঞ্জ) :কামারখন্দে বাসচাপায় মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের এক শিক্ষার্থী ও তার চাচাতো ভাইসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের কামারখন্দ উপজেলার মফিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার গুলাহার গ্রামের কামরুজ্জামানের ছেলে সিরাজগঞ্জ মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী মিরাজ উদ্দিন (২২) এবং তার চাচাতো ভাই হাসিনুর রহমান (২৫)।
মঠবাড়িয়া (পিরোজপুর) :মঠবাড়িয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় নাজিম হাওলাদার (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের দক্ষিণ গুলিসাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাজিম উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে।
পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ) :পাকুন্দিয়ায় বাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মিলন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের মির্জাপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার লক্ষীয়া এলাকার গোলাপ মিয়ার ছেলে ও লক্ষীয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পাঁচবিবি (জয়পুরহাট) :জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি পৌরসভার সামনে গতকাল বাসচাপায় জয়ী (৩) নামে এক শিশু নিহত হয়েছে। জয়ী পাঁচবিবি পৌর শহরের দমদমা গ্রামের হিন্দু পল্লির গোবিন্দ কুন্ডুর মেয়ে।
স্টাফ রিপোর্টার, রাজশাহী :মহানগরীর তালাইমারীতে বালুর ঘাটে ট্রাকচাপায় গতকাল মাইনুল ইসলাম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি বেলপুকুর থানার তাড়াশ এলাকার বাসিন্দা।
গোদাগাড়ী (রাজশাহী): গোদাগাড়ী মহাসড়কে পুলিশের সিগন্যালে থামতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে চারটি যানবাহন। এসময় ইট বোঝায় ট্রলি সিগন্যালে থামাতে গিয়ে বাসের সঙ্গে ধাক্কা খায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয় এবং একটি প্রাইভেটকার ট্রলির সঙ্গে ধাক্কা লাগে।
